সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে গৃহীত হয়েছে। এর পরপরই ১২০ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় মামলার আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মীসহ ১২০ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত উপস্থিত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের কোর্ট পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম মুকুল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশের পরপরই আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার পরবর্তী তারিখ আগামী ৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক গয়াছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিলু মিয়া, পরিবহন শ্রমিক সংগঠনসহ বিএনপি-আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় ওসমানীনগর থানার তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওসি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে আতাউর রহমান মানিকসহ বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মী, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্যসহ ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর গত বছরের ১৩ এপ্রিল ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) অকিল উদ্দিন আহমদ ১৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত করে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক এমরান হোসেন গত ১৮ আগস্ট ১৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১২০ আসামির উপস্থিতিতে গতকাল অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।