
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক জাহিদুল ইসলাম এই অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ছয় মাস পর গত রোববার এই আদালতে আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। আদালত অভিযোগপত্রের ওপর শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
রেজাউল করিম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে খাইরুল ইসলাম ওরফে বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও ওসমান ‘বন্দুকযুদ্ধ’ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। পলাতক আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম। এ ছাড়া আটক চারজন হলেন জেএমবির সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমতুল্লাহ, খুনিদের সন্দেহভাজন আশ্রয়দাতা রাজশাহীর পবার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের কৃষক আবদুস সাত্তার ও তাঁর ছেলে রিপন আলী।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী শহরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।