বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ আবার পেছানো হয়েছে। আদালত আগামী ৫ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এ তারিখ ধার্য করেন।গতকাল শুনানির ধার্য দিনে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসহায়তা দেওয়ার জন্য খালেদা জিয়া বর্তমানে সেখানে রয়েছেন। এ কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তাই শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। পরে আদালত নতুন দিন ধার্য করেন।এর আগে গত ৩১ মে এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ মামলার অন্য আসামিরা হলেন: তৎকালীন প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। আসামি হারিছ চৌধুরী পলাতক।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।মামুনের অর্থ পাচার মামলা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে করা অবৈধভাবে অর্থ লেনদেন মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আগামী ১২ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। গিয়াস উদ্দিন আল-মামুনের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে আইনজীবী ফখরুল ইসলাম আদালতকে বলেন, একই অভিযোগে আসামি মামুনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক মামলা করা হয়। ওই মামলায় মামুনকে দোষী সাব্যস্ত করে সাজাও দেওয়া হয়। তাই একই বিষয়ে একাধিক মামলা করার কোনো সুযোগ নেই। এ সময় রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী রফিক-উল হক এর বিরোধিতা করেন।