অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরক মামলায় মুফতি ইজাহারুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তাঁর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।’
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মুফতি ইজাহার ও তাঁর ছেলে ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ।