চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
অভিযোগপত্র গ্রহণের শুনানির পুনর্নির্ধারিত তারিখ ১২ নভেম্বর
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ফেনী সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতের জিআরও মো. আমির হোসেন জানান, গতকাল রোববার একরাম হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির ধার্য তারিখ ছিল।
হরতালের কারণে ফেনী কারাগারে আটক ২৯ আসামিকে পুলিশের কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। কিন্তু একরাম হত্যা মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকার কারণে গতকাল মামলার কোনো কার্যক্রম হয়নি।
মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
মো. আমির হোসেন জানান, গত ২৮ আগস্ট একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার ধার্য তারিখ ছিল গত ২২ সেপ্টেম্বর। সেদিন বিচারিক হাকিম ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৬ জন এখনো পলাতক।