অভিযোগপত্র চূড়ান্ত
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।অনুমোদনের জন্য পুলিশ কমিশনারের কাছে সাক্ষ্য স্মারক (এমই) দেওয়া হয়েছে। এরপর মহানগর আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) মতামত মিললে আদালতে ওই অভিযোগপত্র দাখিল করা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘হিমাদ্রী মজুমদারকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে।’ প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে গত ২৭ এপ্রিল তুলে নিয়ে প্রধান আসামি শাহ সেলিমের বাড়িতে আটক করে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে আসামিরা তার ওপর কুকুর লেলিয়ে দেন। পরে তাকে ধাক্কা দিয়ে পাঁচতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে রাতে হিমাদ্রী মারা যায়।