অভিযোগপত্র চূড়ান্ত হয়নি এক বছরেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি নিহত হওয়ার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা গত এক বছরেও অভিযোগপত্র চূড়ান্ত করতে পারেননি। তা ছাড়া পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িত ১৮ জনের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো ধরা পড়েনি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, কয়েক দিনের মধ্যে ওই চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হবে। মহেশখালী থানা পুলিশ সূত্র জানায়, ২০১১ সালের ১০ ডিসেম্বর জোনাব আলীর ছেলে আবুল শমা পাহাড়ি এলাকায় পানের বরজ দেখতে যাওয়ার সময় কাটালতলী নামক স্থানে পৌঁছালে প্রতিপক্ষ জালাল আহমদ গ্রুপের লোকজন তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি পানের বরজের ভেতরে ঢুকিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ২৭ ডিসেম্বর জোনাব আলী গ্রুপের লোকজন দলবদ্ধ হয়ে প্রতিপক্ষ জালাল আহমদ ও তার আত্মীয়স্বজনের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে জালালের লোকজন পাল্টা হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জোনাব আলী গ্রুপের লোকজনের গুলিতে প্রতিপক্ষ জালাল গ্রুপের কালা খাতুন নামের এক নারী নিহত হন। এ ব্যাপারে কালা খাতুনের দেবর জালাল উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জোনাব আলীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ জানুয়ারি সকালে ওই মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালী থানার উপপরিদর্শক পরেশ কারবারি মামলা তদন্ত ও আসামি ধরার জন্য উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার কাটালতলী পাহাড়ি এলাকায় যান। পরে আসামি ধরার চেষ্টা করলে জোনাব আলী গ্রুপের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি নিহত হন। এ নিয়ে কনস্টেবল নুরুল ইসলাম বাদী হয়ে জোনাব আলী গ্রুপের অন্যতম সদস্য মোহাম্মদ আয়ুব আলী, দেলোয়ার হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় এক বছরে এজাহারভুক্ত ১৮ জনের মধ্যে নয়জন, অজ্ঞাতনামা আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।