কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওচমান গনি হত্যাকাণ্ডের এক বছর পরেও অভিযোগপত্র চূড়ান্ত হয়নি। এদিকে মামলার কয়েকজন আসামি জামিনে বেরিয়ে এসে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কিছু ব্যক্তির সঙ্গে মোহাম্মদ ওচমান গনির বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত বছরের ২৯ মার্চ রাতে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওচমান গনির ছেলে এইচ এম আল নোমান শরিফ ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিদের ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইচ এম আল নোমান বলেন, ‘সম্প্রতি কয়েকজন আসামি জামিনে বেরিয়ে এসে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করছেন। তাঁরা আমাকে ও আমার ভাই তারেককে হত্যা করার জন্য নানাভাবে চেষ্টা করছেন।’অভিযোগ অস্বীকার করে মামলার প্রধান আসামি কালারমারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী জানান, তিনি কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। কিন্তু হেয়প্রতিপন্ন করার জন্য তাঁকে ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে।কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন আসামি জামিনে বেরিয়ে এসে এলাকায় ফের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছেন বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমি শুনেছি। এ কারণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ওচমান হত্যা মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই এই হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।