অভিযোগপত্র ত্রুটিপূর্ণ, রাষ্ট্রপক্ষের নারাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের ঘটনায় করা মামলায় র‍্যাব ও পুলিশের তদন্ত ভিন্ন ও সাংঘর্ষিক। এতে সুবিধা পাবে আসামিরা, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে—এসব বিষয় উল্লেখ করে চোরাচালান আইনে পুলিশের দেওয়া অভিযোগপত্রটিকে ত্রুটিপূর্ণ জানিয়ে আদালতে নারাজি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে নারাজি আবেদন করেন মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী। চোরাচালান আইনে দেওয়া এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদনের ওপর শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। চলতি বছরের ১৪ মে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্রটি দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্তে চালানটির গন্তব্য জানা যায়নি। মামলার এজাহারে থাকা আসামি নূর মোহাম্মদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। অথচ একই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাবের দেওয়া অভিযোগপত্রে নূর মোহাম্মদকে আসামি করা হয়। সেখানে তাঁর প্রতিষ্ঠানের নামের চালানটি এসেছে বলা হয়। অন্যদিকে পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, নূর মোহাম্মদ জড়িত নন। একই ঘটনায় করা মামলায় দুটি ভিন্ন প্রতিবেদন হওয়ায় বিচারে অপরাধ প্রমাণ করা যাবে না। তাই পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা হয়।

নারাজি আবেদনে বলা হয়েছে, র‍্যাব ও পুলিশের দেওয়া দুটি অভিযোগপত্রের (মাদক ও চোরাচালান) মধে৵ আইনের ধারা ছাড়া আর কিছুই ভিন্ন নয়। ঘটনার তারিখ, স্থান, আসামিদের জবানবন্দি, সাক্ষীদের সংখ্যা, আলামতের ধরন, জব্দ করা কাগজপত্র সবই এক। কোনো পার্থক্য না থাকলেও একটিতে আসামির সংখ্যা ৮, আরেকটিতে ১০ (র‍্যাবের অভিযোগপত্রে)। চোরাচালান আইনে পুলিশের দেওয়া অভিযোগপত্রে কোনো তদন্তই হয়নি বলে নারাজি আবেদনে বলা হয়েছে।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।

কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়।

কোকেন জব্দের ঘটনায় মাদক আইনে ২০১৫ সালের নভেম্বর মাসে নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে র‍্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। কিন্তু দুজন আসামির নাম যুক্ত করা ছাড়া (নূর মোহাম্মদ ও তাঁর ভাই মোস্তাক আহমেদ) র‍্যাবের তদন্তেও চালানটির গন্তব্য বের করা সম্ভব হয়নি। র‍্যাব চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। আদালত এটি গ্রহণ করেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মাদক আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে।

এদিকে চোরাচালান আইনে চলতি বছরের ১৪ মে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত আসামি এবং চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করা হয়। এতে আসামি রাখা হয় লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামালকে। আসামিদের মধ্যে ফজলুর ও বকুল মিয়া পলাতক। জামিনে রয়েছেন সাইফুল আলম। অন্য পাঁচ আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।