অভিযোগপত্র থানায় ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলামত ঘাটতি থাকায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার খতিবের হাটে দুই শিশুসন্তানসহ মা খুনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র থানায় ফেরত গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযোগপত্রটি চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে ফেরত পাঠানো হয়। নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্রটি আদালতের সাধারণ নিবন্ধন শাখায় পাঠানো হয়। কিন্তু কিছু আলামত কম থাকায় তা গ্রহণ হয়নি। বৃহস্পতিবার আবার সব আলামতসহ অভিযোগপত্রটি পাঠানো হবে।’মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রে তিন খুনের ঘটনায় গৃহশিক্ষক তারেককে একমাত্র অভিযুক্ত করা হয়েছে। আসামি খুনের ঘটনা স্বীকার করেছেন। অভিযোগপত্রে ৪৪ জনকে সাক্ষী করা হয়েছে।’ গত বছরের ২৩ অক্টোবর বিকেলে নগরের খতিবের হাট এলাকার মা-মণি ভিলা নামের ভবনের পঞ্চম তলায় খুন হন ডলি আক্তার (৩০), তাঁর ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)। ঘটনার দুই দিন পর হত্যার অভিযোগে গৃহশিক্ষক তারেক চৌধুরীকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন তারেক। এসআই সোলায়মান বলেন, ‘গ্রেপ্তার তারেকের ডিএনএ পরীক্ষা এবং ঘটনাস্থলে পাওয়া পায়ের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তারেকই খুনি।