অভিযোগপত্র থেকে নাম বাদ দিতে তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজায় ধস
রানা প্লাজায় ধস

সাভারে রানা প্লাজা ধস ২০১৩ সালে সারা বিশ্বে আলোচিত ঘটনা হিসেবে স্থান করে নিয়েছে। আর সেই মর্মান্তিক ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে নাম বাদ দিতে এখন তদবিরে ব্যস্ত আসামিরা। প্রাণহানির দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আগেই নাম বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবসহ বিভিন্নজনের কাছে প্রতিদিন তদবির করছেন আসামিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, সরকারি কর্মকর্তা বাদে অন্য আসামিদের নাম বাদ দেওয়ার জন্য তদবির করছেন প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এমনকি মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেকের নাম বাদ দিতেও তাঁরা অনুরোধ করেছেন।
অন্যদিকে সরকারি কর্মকর্তাদের জন্য তদবির আসছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে। গত কয়েক দিনে এ মামলার অভিযুক্ত প্রকৌশলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের কর্মকর্তা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেককে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষ করে জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, শ্রম মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে দেখা গেছে। এসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের কর্মকর্তাদেরও আসামিদের নাম বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন, ‘এমন ব্যক্তিরা অনুরোধ করেন, যা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়।’
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় দুই হাজার শ্রমিক। এ ঘটনায় মোট মামলা হয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটি ভবনধসের ঘটনায় এবং অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ভবনের অন্যতম মালিক সোহেল রানার বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে। অন্যদিকে, হত্যার অভিযোগে মামলা করেছেন নিহত একজন শ্রমিকের স্ত্রী।
এ দুর্ঘটনায় গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে সোহেল রানার বাবা আবদুল খালেকসহ আটজন গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিভিন্ন সময়ে জামিন পান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিআইডি সূত্রে জানা গেছে, ভবনমালিক, পোশাক কারখানার মালিকসহ প্রায় ৪০ জনকে আসামি করে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র দিতে যাচ্ছে সিআইডি। ইতিমধ্যে ৬০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে সাক্ষ্য স্মারকলিপি (এমই) জমা দেওয়া হবে। সরকারি কৌঁসুলিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনা করার পর চলতি মাসেই এ মামলার অভিযোগপত্র জমা দেবেন। সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় শ্রম মন্ত্রণালয়ের যে আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল, তাঁদের সেই বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমসচিব মিকাইল শিপার। তিনি বলেন, ‘আইনগতভাবে আমরা তাঁদের দায়ী করতে পারছি না। কারণ, আগের আইনে কারখানা পরিদর্শনের বিষয়টি উল্লেখ করা ছিল না। তাই তাঁদেরকে দোষী সাব্যস্ত করা কঠিন।’ যদিও গত ২৭ মে শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিজ নিজ প্রতিষ্ঠানকে এ অপরাধের জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
যাঁদের নাম থাকছে: মামলার প্রধান আসামি রানা প্লাজার জমি ও ভবনের মালিক সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক, পোশাক কারখানার মালিক বজলুস সামাদ, মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আনিসুজ্জামান ও জান্নাতুল ফেরদৌস, সাভার পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র ও সাভার পৌর বিএনপির সভাপতি রেফাতউল্লাহ, রানা প্লাজার নকশা অনুমোদনের জন্য সুপারিশকারী সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ও পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী খান, সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা হেলাল উদ্দিন, রাজউকের মাঠ পরিদর্শক আওলাদ হোসেন, তদারককারী সারোয়ার কামাল ও বিদ্যুৎ মিয়া, ম্যানেজার (সোহেল রানার ফুফা) আবদুস সালাম, আতাউর রহমান (সোহেল রানার মামা), সোহেল রানার সহযোগী আবদুল মজিদ ও ইউসুফ আলী, সোহেল রানাকে যশোরে আত্মগোপনে থাকতে সহায়তাকারী অনিল দাস, শাহ আলম ও আবুল হাসান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সাত কর্মকর্তাসহ মোট ৪০ জন। এঁদের সবার বিরুদ্ধেই রানা প্লাজা ধস এবং সোহেল রানাকে সহযোগিতা করার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ পেয়েছে সিআইডি।
তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রত্যক্ষভাবে জড়িত না থাকার কারণে সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের নাম অভিযোগপত্রে আসছে না। আর পোশাক কারখানা ফ্যান্টম টেকের অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেয়ের রেকো ঘটনার পরপরই তাঁর নিজ দেশ স্পেনে চলে গেছেন। তবে ডেভিড মেয়ের রেকো ঘটনার আগেই দেশ ছেড়েছেন কি না, তা যাচাই করতে তাঁর পাসপোর্ট পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে বেরিয়ে গেছেন।
সিআইডি সূত্র বলছে, রাজউকসহ সরকারি সংস্থার করা মামলাগুলো জামিনযোগ্য এবং ৩০৪ ধারায় যে অভিযোগ আনা হয়েছে, তাতে শাস্তির পরিমাণ কম এবং মামলাগুলো দুর্বল। প্রায় সব মামলাই দায়িত্বে অবহেলা, ইমারত আইন ভঙ্গের মতো অভিযোগে করা।
এসব বিষয়ে তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে যাঁদের আসামি করা হচ্ছে, তাঁদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সে ব্যাপারে সুপারিশ থাকবে। রাষ্ট্রপক্ষ এসব আসামির সর্বোচ্চ ধারা প্রয়োগে পক্ষপাতী।