অভিযোগপত্র থেকে বাদ যাচ্ছেন বিএনপি-জামায়াতের ৩ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির চাঞ্চল্যকর ভুজপুর তাণ্ডবের নায়ক বিএনপি-জামায়াতের তিন নেতাকে মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হচ্ছে। ঘটনায় দায়ের করা মামলার বাদীরা এ অভিযোগ করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনার নেপথ্যে ছিলেন এসব নেতা। দলের অর্থ জোগানদাতা এবং নীতিনির্ধারক হিসেবেও পরিচিত তাঁরা।
গত বছরের ১১ এপ্রিল ফটিকছড়ির ভুজপুরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের মিছিলে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে বিএনপি-জামায়াত-হেফাজত মিলে চালায় তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয় দেড় শতাধিক গাড়ি। কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ-ছাত্রলীগের কর্মী ফারুক হাসান, রুবেল ও ফোরকানকে। এখনো অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীপনযাপন করছেন।
সূত্র জানায়, এ ঘটনার নেপথ্যে ছিলেন বিএনপি-জামায়াতের অর্থ জোগানদাতা উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহামঞ্চদ আল-কাদেরী, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা শহীদুল আজম। আলোচিত এ নেতারা তাণ্ডবের ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় তালিকাভুক্ত আসামি। তাণ্ডবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও দলের শীর্ষ মহলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ মামলার অভিযোগপত্র থেকে তাঁদের বাদ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে দাবি করেন বাদীরা।
এ ব্যাপারে নুর মোহাম্মদ আল-কাদেরী ও শহীদুল আজম বলেন, ‘আমরা ওই ঘটনায় জড়িত ছিলাম না। তবে আমরা ওই ঘটনায় জড়িত না থাকায় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মামলা থেকে আমাদের নাম প্রত্যাহারের ব্যাপারে সুপারিশ করেছেন বলে জেনেছি।’
ঘটনায় দায়ের করা ৪ নম্বর মামলার বাদী ছাত্রলীগ নেতা জামাল পাশা বলেন বলেন, ‘এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ন্যক্কারজনক ঘটনা ঘটাতে উৎসাহিত করবে। তাঁর দাবি, তাঁদের বাদ দেওয়া হলে আদালতে অবশ্যই নারাজি দেব।’
অপরদিকে ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কিছু নিরীহ লোকের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
৫ নম্বর মামলার বাদী জিয়াউল হক বলেন, অভিযোগপত্র চূড়ান্ত করার আগে যাতে কোনো নিরীহ লোক অন্তর্ভুক্ত না হয় তা যাচাই করার জন্য দলীয়ভাবে একটি কমিটি কাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, কোনো অবস্থাতেই নিরীহ কাউকে অভিযোগপত্রে না রাখতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।
ইতিমধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করতে আদালতের অনুমতি প্রার্থনা করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন যোগসাজশের বিষয়টি অস্বীকার করে বলেন, যাঁদের সংশ্লিষ্টতা নেই তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। অভিযোগপত্র দাখিলের জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছি।’