সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বাকী মির্জা হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২-এর সহকারী পুলিশ সুপার চপল কান্তি রায় গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক মো. হামিদুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।অভিযোগপত্রে যে চারজনের নাম আছে, তাঁরা হলেন পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা কর্মকর্তা (বর্তমানে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত) আনতালা কমিউনিটি হাসপাতালের স্বত্বাধিকারী মো. আবদুল লতিফ, রুহুল আমিন ওরফে বাবু, জাকারিয়া মাসুদ ও আনোয়ার হোসেন ওরফে কিরণ।আদালত ও অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বছরের ১৫ এপ্রিল রাতে আরএমও বাকী মির্জা নিজের ডরমেটরিতে খুন হন। এ ঘটনায় বাকীর ছোট ভাই আবদুল লতিফ মির্জা হত্যা মামলা করেন। পুলিশ নিহত ব্যক্তির দূর সম্পর্কের বোন ও কথিত প্রেমিকাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় রুহুল আমিন, জাকারিয়া মাসুদ ও আনোয়ার হোসেনকে।