ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন নিয়ে আজ বুধবার শিলংয়ের আদালতে শুনানি হবে। জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক কে এম লিংদো নংব্রির আদালতে এ শুনানি হওয়ার কথা। সরকার পক্ষের আইনজীবী আই সি ঝা গতকাল বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ অনুযায়ী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে মেঘালয় পুলিশ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। গত মার্চের শুরুতে উত্তরা থেকে অপহৃত হন তিনি। এর প্রায় আড়াই মাস পর ১১ মে ভোরে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে পুলিশ তাঁকে আটক করে।
সরকার পক্ষের আইনজীবী এ প্রতিবেদককে বলেন, অভিযুক্ত ব্যক্তি অনুপ্রবেশের অভিযোগ স্বীকার করলে আদালত রায় ঘোষণার জন্য দিন ঠিক করবেন। আর অভিযোগ অস্বীকার করলে বিচারের প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে। তিনি জানান, এ ধরনের অন্তত ৯০ শতাংশ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করেন। ফলে খুব দ্রুত মামলা নিষ্পত্তি হয়ে যায়। এরপর নিয়মানুযায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পুশ-ব্যাক করে।
সালাহ উদ্দিন আহমদ ৫ জুন থেকে জামিন নিয়ে শিলংয়ে একটি কটেজে রয়েছেন। তাঁর আইনজীবী এস পি মাহান্ত আজকের শুনানি নিয়ে মন্তব্য করতে চাননি।