অভিযোগপত্র দাখিল হলেও বিচার শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সবুজ হোসেন নিহত হন। এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হলেও বিচার শুরু হয়নি।

এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। গত দুই বছরে অভ্যন্তরীণ কোন্দলে দলটির পাঁচ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত ১৮ জুন মিরপুর উপজেলার আমলা বাজারে যুবলীগের কর্মী শাহাবুদ্দিন আহমেদ শাহিনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের মধ্যে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে।

২০১৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় শোক দিবসের শোভাযাত্রা শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহরের জাগতি এলাকার সবুজ হোসেন। এ ঘটনায় সবুজের ভাই আরিফ হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করে। এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বির আলম বলেন, ১৯ জনকে অভিযুক্ত করে গত ১২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। দুজন আসামি পলাতক থাকায় বিচার শুরু হয়নি। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। ২৮ আগস্ট মামলাটি আদালতে উঠবে।

এদিকে ওই ঘটনার পর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করেছিল। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরে অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন পাঁচজন নেতা-কর্মী। এলাকায় আধিপত্য বিস্তার ও সামাজিক বিরোধ নিয়েই এসব হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে জেলা কমিটির নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের বারবার সতর্ক করলেও কোনো লাভ হয়নি। হত্যাকাণ্ডের পর মামলায় আসামি করা হয়েছে দলেরই নেতা-কর্মীদের। এ সমস্যা নিরসনে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি সদর উপজেলার জিয়ারত এলাকায় খুন হন ইদ্রিস আলী নামের আওয়ামী লীগের এক কর্মী। জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজালের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষে নিহত হন ইদ্রিস।

চলতি বছরের ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়ায় খুন হন আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া কর্মী লুৎফর রহমান। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জের ধরে আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাসদের সহসভাপতি মিলনের বাড়িতে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা। লুৎফর হত্যা মামলায় আসামি করা হয় জাসদের নেতা-কর্মীদের। আর জাসদ অফিসে ভাঙচুরের মামলায় আসামি হন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫০ জন নেতা-কর্মী।

২০১৬ সালের ২৮ এপ্রিল ইউপি নির্বাচনে সদর উপজেলার দহকুলা ইউনিয়নের দহকুলা গ্রামে খুন হন আওয়ামী লীগের কর্মী লাল্টু মোল্লা। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসের সঙ্গে সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের বিরোধ চলে আসছিল। লাল্টু ও তাঁর পরিবার সিরাজকে সমর্থন করায় বাড়ির বারান্দায় কুপিয়ে লাল্টুকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আক্তারুজ্জামান বিশ্বাস ও তাঁর সহযোগীদের আসামি করে মামলা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ও উপজেলা পর্যায়ের দুজন নেতা বলেন, দলীয় বিরোধ ও কোন্দল নিয়ে ছয়টি উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে আছে। যদি দ্রুত সময়ের মধ্যে এটার সুরাহা না করা হয়, তবে আসন্ন জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রথম আলোকে বলেন, ‘এবার শোক দিবসে আমরা খুবই সতর্ক আছি। নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে। কেউ কেউ দলের মধ্যে অনুপ্রবেশ করে ফায়দা লুটতে আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করছেন। আর দলের নেতারা বুঝে হোন আর না বুঝে হোন, ফাঁদে পা দিয়ে নিজেরা মারামারি করে মরছেন। আর কিছু সুবিধাবাদী নেতাও নিজেদের আধিপত্য ধরে রাখতে নানা অপকর্ম করছেন। তাঁদের ব্যাপারে দলের নেতাদের সাবধান থাকতে হবে।’