জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় অভিযোগপত্র দাখিলের জন্য অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর নাম এলে তাঁদেরও ছাড় দেওয়া হবে না।দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদকের মুখপাত্র ও মহাপরিচালক ফর্রুখ আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খানের বিরুদ্ধে গত মাসে এই মামলা করে দুদক।এ মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দুদক কোনো চাপে নেই। স্বাধীনভাবে কাজ করছে। শুধু বিরোধী দল বা বিভিন্ন রাজনীতিবিদই নয়, দুদকের আইন অনুযায়ী বর্তমান সরকারের মন্ত্রীদের বিরুদ্ধেও দুদক মামলা করতে পারে। সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।ওই মামলা প্রসঙ্গে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘আপাতত প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। অন্যান্য অভিযোগ যাচাই করা হচ্ছে।’সংবাদ সম্মেলনে ফর্রুখ আহমেদ বলেন, উচ্চ আদালত ট্রুথ কমিশন অবৈধ ঘোষণা করার পর ৪৪৮ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদক কাজ শুরু করেছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. রোজিনা সুলতানার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। এ দুজন তাঁদের সম্পদ বিবরণীতে পাঁচ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ২৬২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৭ কোটি তিন লাখ ৮৭ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।এ ব্যাপারে দুদকের চেয়ারম্যান পরে প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে ট্রুথ কমিশন অবৈধ হয়ে যাওয়ার পর এর অনুকম্পাপ্রার্থী আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগস্ট মাসে দুদক মোট ৬৪৫টি দুর্নীতির অভিযোগের বিপরীতে ১২৩টি অভিযোগের অনুসন্ধান করেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ৩৮টি দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন বাছাই করে ১৪টি প্রতিবেদনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুদকের মহাপরিচালক জানান, আগস্ট মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন, অর্থ আত্মসা ৎ , মানি লন্ডারিং ও জাল-জালিয়াতির অভিযোগে ৪৯টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগে আগস্টে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিকসহ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, শেয়ারবাজারের দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।