অভিযোগপত্র দিতে আরও সময় নিতে চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার অভিযোগপত্র দিতে আরও সময় নিতে চায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাঁদের আশঙ্কা, দ্রুত অভিযোগপত্র জমা দিলে হত্যায় যারা সরাসরি অংশ নিয়েছিল, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে।

যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গত ৩১ জানুয়ারি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত ও শনাক্ত করেছি। মূল আসামি মুকুল রানা খিলগাঁও পুলিশের অপারেশনে নিহত হয়েছেন। এর বাইরে আরও আটজন গ্রেপ্তার আছেন। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তদন্ত যে পর্যায়ে আছে, তাতে অভিযোগপত্র দিয়ে দেওয়া যায়। কিন্তু এক মুকুল রানা ছাড়া এখন পর্যন্ত খুনে সরাসরি জড়িত ছিল, এমন কারও আসল নাম বা পরিচয় পাওয়া যায়নি। সাংগঠনিক নাম ব্যবহার করে অভিযোগপত্র দিলে হয়তো আসামিদের আর কখনোই ধরা যাবে না। ওই কর্মকর্তা বলেন, ‘আসামিদের সাংগঠনিক নামের সূত্র ধরেই দুই-একবার আমরা অভিযানে গেছি। গিয়ে জানতে পেরেছি, তারা দিন দুয়েক আগে বাড়ি ছেড়ে চলে গেছে।’

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে দুর্বৃত্তদের চাপাতির কোপে নিহত হন। হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদও আহত হন। এই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এরপর প্রায় দুই বছর পার হয়েছে, এখনো তদন্ত শেষ করে খুনিদের বিচারের মুখোমুখি করতে পারেনি পুলিশ। এই মামলায় যে আটজন গ্রেপ্তার আছেন, তাঁরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।

অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডটির তদন্তের সঙ্গে যুক্ত আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ। তিনি প্রথম আলোকে বলেন, তদন্তে অগ্রগতি আছে। পুলিশ আন্তরিকভাবেই চেষ্টা করছে। দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।

অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় প্রথম আলোকে বলেন, তদন্ত সম্পর্কে যতটুকু যা জেনেছেন, তা খবরের কাগজ পড়ে। পুলিশ তাঁকে খুব বেশি কিছু জানায়নি। তিনি বলেন, মুকুল রানা ছাড়াও দুজন অভিজিৎকে কুপিয়ে ছিলেন। তাঁদের কাউকেই এখনো ধরা যায়নি। তারপরও তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আশা নিয়েই বেঁচে আছি। কখনোই খুব নিরাশ হতে চাইনি। আশা করব অভিজিতের খুনিরা ধরা পড়বে। বিচার হবে।’