অভিযোগপত্র দিতে সিআইডিকে এক মাস সময় দিলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারের ছয় ছাত্র হত্যা মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে এক মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ আগস্ট আদেশের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও পুলিশ কর্মকর্তার পক্ষে আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ। মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত হত্যা মামলার তদন্ত শেষ করতে এক মাস সময় দিয়েছেন। এ ছাড়া এই মামলায় ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গত বছর ১৭ জুলাই রাত সাড়ে ১২টা থেকে সোয়া একটার মধ্যে আমিনবাজারের কাছে বড়দেশী গ্রামের পাশে কেবলার চরে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা ও পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।এ ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০ জুলাই একটি রিট আবেদন করেন আইনজীবী তাজুল ইসলাম। এই রিটের ধারাবাহিকতায় আদালত গতকালের (১৭ জুন) মধ্যে তদন্ত কর্মকর্তাকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে এবং ঢাকার পুলিশ সুপারকে (এসপি) দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দেন।এর পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার এসপি মিজানুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত হয়ে প্রতিবেদন দাখিল করেন। মিজানুর রহমানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্রদের পিটিয়ে মারার ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও হারেস শিকদার বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী ও অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। এ কারণে তাঁদের দুজনকে দুই বছরের জন্য পদাবনত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, এ পর্যন্ত ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আবদুল মালেক ২৮ জনকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।