অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে দুই চিকিৎসককে আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে অভিযুক্ত দুই চিকিৎসক হলেন চমেক হাসপাতালের ল্যাপরোস্কোপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন মো. সুরমান আলী এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন জি এম জাকির হোসেন। দুই চিকিৎসক গত ১৪ মার্চ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
সুই রেখে দেওয়ার কারণে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম প্রায় পঙ্গু হতে বসেছেন। তিনি এখন ভারতের অ্যাপোলো হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক রহুল আমিন এ অভিযোগপত্র চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, দুই চিকিৎসককে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে এই ঘটনায় তারা জড়িত বলে প্রমাণ মিলেছে। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯, ২৭০, ৩২৬, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রের নম্বর ৮৪। আগামী ৩ জুন এ মামলার পূর্বনির্ধারিত শুনানির দিনে অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে।