অভিযোগপত্র দেওয়া হবে শিগগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে হত্যার অভিযোগের সত্যতা মেলেনি। তবে এই হত্যা মামলায় কারাগারে আটক ছয় আসামির বিরুদ্ধে অবহেলাজনিত প্রাণহানির এবং নাগরিকত্ব ও পরিচয় গোপন করে লাশ গুমের অভিযোগ এনে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, ডায়রিয়ায় আক্রান্ত হিরোয়িকে চিকিৎসা না করিয়ে একটি বাসায় আটকে রেখে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আসামিরা।
উত্তরা পূর্ব থানার পুলিশ বলেছে, গত বছরের নভেম্বরে জাপান থেকে হিরোয়ির মা ঢাকায় জাপান দূতাবাসে ফোন করে বলেন, ঢাকায় তাঁর মেয়ে নিখোঁজ রয়েছেন। এরপর ১৯ নভেম্বর জাপান দূতাবাসের উপ-কনসাল কছুকি মাতসুনাগার উত্তরা পূর্ব থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, ছয় ব্যক্তি হিরোয়িকে ২৯ অক্টোবর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে সুকৌশলে অপহরণের পর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের জন্য তাঁর নাগরিকত্ব ও পরিচয় গোপন করে হালিমা খাতুন নামে দাফন করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মো. জাকির পাটোয়ারি (৪২), মো. মারুফুল ইসলাম (৩০), রাশেদুল হক (৪২), ফখরুল ইসলাম (২৭), বিমলচন্দ্র শীল (৪০) ও মো. জাহাঙ্গীরের (২৮) বিরুদ্ধে অপহরণের পর হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় মামলা করে। পুলিশ বায়িং হাউসের ব্যবসায় যুক্ত ওই ছয়জনকেই গ্রেপ্তার করে। তাঁরা ব্যবসার জন্য হিরোয়িকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগাতেন।
২৭ নভেম্বর থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে হিরোয়ির লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়। হিরোয়ির নাগরিকত্ব নিয়ে জাপান দূতাবাস পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করায় পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে রাখা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ডিএনএ প্রতিবেদন হাতে পেয়ে তাঁরা হিরোয়ির নাগরিকত্ব নিশ্চিত হন। ৮ এপ্রিল মরদেহ জাপান দূতাবাসকে হস্তান্তর করা হয়। দূতাবাস তাঁর মায়ের ইচ্ছানুযায়ী মরদেহ দাহ করে আশুলিয়ায়।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, ছয় আসামিই রিমান্ডে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, হিরোয়ি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর মারা যান। পর্যটক ভিসায় তিনি এসেছিলেন, ২০০৬ সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে হাসপাতালে নিতে তাঁরা সাহস পাননি। তদন্তেও এমন তথ্য মিলেছে। তবে হিরোয়িকে তাঁরা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এই মৃত্যুর দায় তাঁরা এড়াতে পারেন না।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, তদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হিরোয়ির মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ‘মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো মতামত দেওয়া গেল না।’ শিগগির এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০১ (অবহেলাজনিত প্রাণহানি) ও ২০১ (পরিচয় গোপন করে দাফন) ধারায় অভিযোগ আনা হবে।