অভিযোগপত্র দেওয়ার পরও মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. শওকত আলীসহ দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং অপর একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করার পর তা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে ২০০৯ সালে মামলা দুটি দায়ের করা হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ জুলাই রাতে কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ি গ্রামের কিশমত আলীর ছেলে আবদুস সামাদকে আদিতমারী ডিগ্রি কলেজ এলাকায় মারধর ও চোখে মারাত্মক আঘাত করা হয়। এতে সামাদের বাঁ চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ওই বছরের ৪ অক্টোবর সামাদ বাদী হয়ে শওকত আলীসহ সাতজনের বিরুদ্ধে চোখ নষ্ট করাসহ হত্যাচেষ্টার মামলা করেন। এ মামলায় পুুলিশ শওকত আলীসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।একই বছরের ১ অক্টোবর রাতে একই গ্রামের তোতা মিঞাকে (৪৫) স্থানীয় চণ্ডীমারী বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় তোতা মিঞার ছেলে বেলাল হোসেন শওকত আলীসহ নয়জনের বিরুদ্ধে ৪ অক্টোবর মামলা করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোতা মিঞা মারা গেলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। এ মামলায় তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তৈয়ব মো. বেলাল হোসেন শওকত আলীসহ নয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।শওকত আলী চলতি বছরের ২৫ জুন তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা দুটিকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে ‘জেলা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার কমিটি’র সভাপতির কাছে আবেদন করেন। এ ছাড়া মামলা দুটি প্রত্যাহারের জন্য গত ১০ জুলাই পৃথক দুটি সুপারিশপত্র দেন লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও ওই কমিটির সদস্য আকমল হোসেন আহম্মদ। ১৮ জুলাই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার মামলা দুটি প্রত্যাহারের সুপারিশপত্র ২২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। এর অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনারকে দেওয়া হয়।সুপারিশে বলা হয়েছে, মামলা দুটির বাদীরা স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এবং মামলার আসামিরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই ওই ঘটনা দুটি ঘটে। ২০০৩ সালের ২২ ডিসেম্বর আবেদনকারী শওকত আলীর বড় ভাই জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম খুন হন। শওকত আলী ওই হত্যা মামলার বাদী এবং শওকত আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা দুটির অন্য আসামিরা ওই মামলার সাক্ষী।স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মামলার বাদীদের কেউই বিএনপির নেতা নন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলার বাদীরা বিএনপির সমর্থক হলেও হতে পারেন। তবে তাঁরা নেতা নন। মামলা দুটি প্রত্যাহারে সুপারিশ করার কথা স্বীকার করে পিপি আকমল হোসেন বলেন, ‘কমিটির একজন সদস্য হিসেবে যে সুপারিশ করা যুক্তিযুক্ত মনে হয়েছে আমি তাই করেছি।’ বর্তমান সরকারের আমলে দায়ের করা মামলা দুটি কোন বিবেচনায় ও কীভাবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে গণ্য করে প্রত্যাহারের সুপারিশ করা হলো জানতে চাইলে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, কমিটির সদস্য বিশেষ করে পিপি এবং জেলা পরিষদের প্রশাসকের সুপারিশের ভিত্তিতে মামলা দুটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।এ ব্যাপারে তোতা মিঞা হত্যা মামলার বাদী বেলাল হোসেন বলেন, ‘বাবা তো চিরতরে আমাগো ছ্যাইরা চইলা গ্যাছেন। এহন তাঁর খুনের মামলাটাও যদি রাজনীতির দোহাই দিয়া বাতিলের সুপারিশ করা হয়, তাইলে আমরা কোন আদালতে যামু, কোনে বিচার পামু?’চরিতাবাড়ি গ্রামের বাসিন্দা ও আইনজীবী নুরুল হুদা বলেন, যে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে; এখন সেই দুটি মামলা যদি রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহার করা হয়, তা হলে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার কীভাবে প্রতিষ্ঠা হবে, সেটা একটি বড় প্রশ্ন।