অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের হত্যা, লুটসহ বিভিন্ন অভিযোগে করা মামলার অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সিআইডি। ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবসের আগে যাতে এ অভিযোগপত্র দেওয়া যায়, সে ব্যাপারে কাজ চলছে।সিআইডির সূত্র জানায়, মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ প্রায় ৬০০ জওয়ানকে আসামি করা হচ্ছে। এঁদের মধ্যে কয়েকজন পলাতক আছেন।এ ব্যাপারে জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহ্হার আকন্দ প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নিয়েছে সিআইডি। এ জন্য আইনি সব দিক খতিয়ে দেখা হচ্ছে।সিআইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পিলখানা হত্যাকাণ্ডের বর্ষপূর্তির আগেই তাঁরা অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু বিডিআরের আপত্তির কারণে তা পিছিয়ে যায়। বিডিআর কর্মকর্তারা মনে করেন, অভিযোগ থেকে যাঁরা অব্যাহতি পাবেন, বিডিআরের নিজস্ব আইনে তাঁদের আবার বিচারের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। এ কারণে বিডিআরের নিজস্ব আইনে বিচারের পরই অভিযোগপত্র দেওয়ার পক্ষে তাঁরা মত দিয়েছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকার এখন সেনা কর্মকর্তাদের হত্যার বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খুব কম সময়ের মধ্যে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ এর বিচার শুরু করতে চায় সরকার। এই ট্রাইব্যুনালে বিচার-প্রক্রিয়া সাড়ে চার মাসের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা আছে। ২০০২ সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ৬ ধারায় হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরকসংক্রান্ত অপরাধের বিচারের সুযোগ রয়েছে।