অভিযোগপত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপা খাতুন
রুপা খাতুন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রুপা খাতুনকে গণধর্ষণ ও হত্যার অভিযোগপত্র বিচারিক হাকিম আদালত থেকে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মামলাটির অভিযোগপত্র গতকাল রোববার সন্ধ্যায় আদালতে জমা দিয়েছিল পুলিশ।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, সোমবার এ মামলার অভিযোগপত্র জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়ার আদালতে উপস্থাপন করা হয়। বিচারক মামলাটি বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। মামলার পরবর্তী ধার্য তারিখে ওই আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।

এদিকে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রুপা খাতুনের ভাই হাফিজুল ইসলাম। মোবাইলে তিনি প্রথম আলোকে জানান, অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান। পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

রুপার ভাই ২৮ আগস্ট মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রুপাকে শনাক্ত করেন। পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা রুপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২৯ আগস্ট বাসের তিন সহকারী শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং ৩০ আগস্ট চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা সবাই এখন টাঙ্গাইল কারাগারে আছেন। ৩১ আগস্ট রুপার লাশ উত্তোলন করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে নিয়ে দাফন করা হয়।

গত ১২ সেপ্টেম্বর ময়নাতদন্তকারী চিকিৎসক সাইফুর রহমান খান ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, মাথায় আঘাতের কারণে রুপার মৃত্যু হয় এবং মৃত্যুর আগে রুপাকে ধর্ষণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম খান সিদ্দিকী রোববার সন্ধ্যায় আদালতে গ্রেপ্তার করা পাঁচ পরিবহনশ্রমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।