অভিযোগপত্র নিয়ে না এগোতে বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়ে তার বাবা রফিউর রাব্বি বলেছেন, ‘আমরা জেনেছি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অভিযোগপত্রের বিষয়টি নিয়ে অগ্রসর না হওয়ার জন্য বলা হয়েছে। আমরা চাই এ সরকারের মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়া হোক, বিচার নিশ্চিত হোক। নতুবা পরবর্তী সময়ে যখন এই বিচার হবে, তখন বিচার বন্ধ রাখার জন্য এই প্রধানমন্ত্রী কোনোভাবেই পার পেতে পারেন না।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন।
এ সময় খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, ত্বকীকে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, তা দেশবাসী জানে। এর আগে র্যা ব সংবাদ সম্মেলন করে বিষয়টি বলেছে। কিন্তু রহস্যময় বিষয় হলো, হত্যাকাণ্ডের পর ২০ মাস চলে গেলেও অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।
ত্বকীর বাবা অভিযোগ করেন, ‘ত্বকীকে ওসমান পরিবারের লোকজন হত্যা করেছে। এই ওসমান পরিবারকে রক্ষা করার জন্য যদি সরকার মনে করে বা দেশের প্রধান ব্যক্তি যদি মনে করেন যে এই গডফাদার, এই হত্যাকারীদের রক্ষা করবেন, তবে বিষয়টি তাঁর জন্য মঙ্গলজনক হবে না। আমাদের জন্যও তা মঙ্গলজনক হবে না। এই করে ত্বকী হত্যার বিচারটি বিলম্বিত করা যাবে, কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নেই।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, ‘ত্বকী হত্যার এক বছর পূর্তিতে র্যা বের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবিলম্বে এ হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে। তারা একটি খসড়া তদন্ত প্রতিবেদন তৈরি করেছে এবং সেটা তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছে। কিন্তু শেষ পর্যায়ে আসার পরে এই তদন্তকাজ থামিয়ে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানাই।’