অভিযোগপত্র প্রত্যাখ্যান, মন্ত্রীর ভাইয়ের নাম অন্তর্ভুক্তির দাবি
নরসিংদী পৌর-সভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রকে মিথ্যা, বানোয়াট ও প্রহসন উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে তাঁরা নারাজি আবেদনও করবেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান লোকমানের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুসহ এজাহারভুক্ত আসামিদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।মামলার বাদী, নিহত লোকমানের ছোট ভাই ও নরসিংদী পৌরসভা মেয়র কামরুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘লোকমান হোসেন হত্যা মামলাটির অভিযোগপত্র তৈরি করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রহসনমূলক তথ্য দিয়ে। অভিযোগপত্র দাখিলের আগে এমনকি গত তিন মাসের মধ্যে পুলিশ সুপার বা মামলার তদন্ত কর্মকর্তা কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাঁরা তাদের মনমতো একটি অসম্পূর্ণ অভিযোগপত্র দাখিল করেছেন। কারণ পুলিশ সুপার আমাকে বলেছিলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোবারক হোসেন ওরফে মোবাকে (শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য ও পরিকল্পনা উদঘাটিত করতে না পারলে অভিযোগপত্রটি অসম্পূর্ণ হবে। কিন্তু তাদের সেই মোবা কোথায়?’ লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বলেন, অভিযোগপত্রের ছয় নম্বর পৃষ্ঠায় মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলা আছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে ঘটনার পূর্বে ঢাকার মতিঝিলে সালাহউদ্দিন আহম্মেদ ওরফে বাচ্চুর (ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই) অফিসে মিটিং হয়। ওই মিটিংয়ে সালাহউদ্দিন, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া (শহর আওয়ামী লীগের সভাপতি), এপিএস মুরাদ (ডাকমন্ত্রীর সহকারী একান্ত সচিব), তারেক আহম্মেদ, নুরুল ইসলাম, কাজী আলম, কবির সরকার ও মোবা উপস্থিত ছিলেন। এরপর নরসিংদী শহরে মেজর হাউসে আরও একটি মিটিং হয় সেখানে মোবা, কবির সরকার, কাজী আলম, এপিএস মুরাদ ও আক্তার উপস্থিত ছিলেন। ‘এক আসামি স্বীকার করলেও মতিঝিল ও মেজর হাউসে হত্যাকাণ্ডের পরিকল্পনা নিয়ে মিটিংয়ের কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নাকি পুলিশ পায়নি। এ থেকে বোঝা যায় পুলিশ মন্ত্রীর ভাইসহ আসামিদের বাঁচাতে যত ধরনের কৌশল ছিল সব অবলম্বন করেছে।’ অভিযোগ করেন মেয়র কামরুজ্জামান। কামরুজ্জামান বলেন, অভিযোগপত্রে নরসিংদীর সাটিরপাড়া এলাকার মো. সোহেল ভূঁইয়া ও বানিয়াছল এলাকার মো. আকতারুজ্জামানসহ ১৫ জন আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে অনুরোধ করেছেন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডল। কিন্তু মামলার এজাহার ও তদন্তকালে কোথাও সোহেল ও আকতারুজ্জামানের নাম আসেনি। তাহলে পুলিশ কেন তাঁদের অব্যাহতি চাইছে বলে প্রশ্ন করেন তিনি। সংবাদ সম্মেলনে লোকমানের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নুশরাত জাহান, ছোট ভাই নরসিংদী সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজও ছিলেন। নুশরাত জাহান বলেন, ‘আমরা এ মিথ্যা, বানোয়াট অভিযোগপত্র মানি না, মানব না। আমরা আইনি লড়াই লড়েই যাব। প্রয়োজনে সুষ্ঠু বিচারের জন্য নরসিংদীর সাধারণ মানুষকে নিয়ে রাজপথে আন্দোলন করব। আর এ অভিযোগপত্র বাতিলের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।’ নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত বছরের ১ নভেম্বর দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ ঘটনায় মন্ত্রীর ভাই সালাউদ্দিনসহ ১৪ জনকে আসামি করে মামলা হয়। কিন্তু অভিযোগপত্রে বাদ পড়েন সালাউদ্দিন, মোন্তাজ, মোবারক, মুরাদ, তারেক, নুরুল, কাজী আলম ও কবির সরকার। এর বদলে অন্য নয়জনকে আসামি করেছে পুলিশ।