ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজনের প্রাণহানি
অভিযোগপত্র প্রস্তুত, চালক ও মালিককে আসামি করা হচ্ছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচজনের প্রাণ কেড়ে নেওয়া সেই অ্যাম্বুলেন্সের মালিক মফিজুল ইসলাম ওরফে মাহফুজের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ। মফিজুলসহ চারজনের বিরুদ্ধে ‘অপরাধজনক প্রাণহানির’ অভিযোগ আনা হচ্ছে। শিগগিরই এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে মানবসেবা নামের একটি প্রতিষ্ঠানের ওই অ্যাম্বুলেন্স বেপরোয়া গতিতে চালিয়ে পাঁচজনের প্রাণহানি ঘটিয়েছে। অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী সোহেল মিয়া। তিনি এবং মফিজুল ইসলাম ছাড়াও অ্যাম্বুলেন্সের আরেক মালিক নাসিরউদ্দিন ও গাড়িচালক সোহাগের সম্পৃক্ততা পাওয়া গেছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সোহেল ছাড়া বাকি তিনজন জামিনে আছেন। কিছুদিন আগে আদালতে আবেদন করে মানবসেবার অ্যাম্বুলেন্সটি নাসির তাঁর জিম্মায় নিয়েছেন। সেটি আবার বাণিজ্যিক সেবা দিচ্ছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, মামলার অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার ওপর নির্ভর করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেতে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ ও ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়েছে।
চার মাসেও ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে না আসার ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, পাঁচজনের ময়নাতদন্তের প্রতিবেদন আগেই সম্পন্ন হয়েছে। সেটি হয়তো পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে পৌঁছায়নি। আবার এমনও হতে পারে, পুলিশ ওই ময়নাতদন্তের প্রতিবেদন নিতে ফরেনসিক মেডিসিন বিভাগে আসেনি।
গত বছরের ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে অ্যাম্বুলেন্সের চাপায় শিশু সাকিব, তার মা গোলেনুর, অন্তঃসত্ত্বা আমেনা বেগমসহ পাঁচজন প্রাণ হারান। আমেনার গর্ভের অনাগত সন্তানও মারা যায়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা গাড়িচালকের সহকারী সোহেলকে আটক করে। ওই ঘটনায় ওয়ার্ডবয় মফিজুল, চালক সোহাগ ও চালকের সহকারী সোহেলের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯, ৩০৪(ক), ৩০৪(খ) ও ৪২৭ ধারায় মামলা করা হয়। পরে নাসিরউদ্দিনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়। শাহবাগ থানার পুলিশ মামলার তদন্ত করছে। এসব ধারায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর অ্যাম্বুলেন্সটির মালিক মফিজুল ১৬ দিন গা-ঢাকা দিয়েছিলেন। তবে গত বছরের ১ নভেম্বর তিনি ‘অসুস্থ’ উল্লেখ করে মেডিকেল সনদ জমা দিয়ে কাজে যোগ দেন। এরপর তিনি প্রতিদিন হাসপাতালে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।
হাসপাতালের প্রশাসন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মফিজুল এত দিন প্রকাশ্যে হাসপাতালে আসা-যাওয়া করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি। প্রকৃতপক্ষে মফিজুলকে জামিন নেওয়ার সুযোগ দিতেই পুলিশ এই সুযোগ করে দিয়েছে। অবশ্য তদন্ত কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, মফিজুলকে গ্রেপ্তারে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তখন এর কোনো জবাব মেলেনি।
মফিজুল গত শনিবার প্রথম আলোকে বলেন, পাঁচজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। মাসখানেক আগে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। ইতিমধ্যে নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদের সঙ্গে আপস করে ফেলেছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
মফিজুলের বক্তব্যের ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম বলেন, এটি আপসযোগ্য মামলা নয়। তা ছাড়া এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।