অভিযোগপত্র বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
‘লোকমান আমার একার সন্তান না, নরসিংদীবাসীর সন্তান। তাই তার হত্যার বিচার করতে হবে আপনাদেরই। প্রশাসন খুনিদের বাঁচানোর দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। এ জন্য তাদের দিয়ে কাজ হবে না। তাই লোকমান হত্যার অভিযোগপত্র দেবেন আপনারা।’গতকাল রোববার বিকেলে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্র বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় লোকমানের মা মাজেদা বেগম এ কথা বলেন।লোকমান সংগ্রাম পরিষদ শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে এই সভার আয়োজন করে। সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।সভায় লোকমানের ছোট ভাই ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান প্রশাসনের প্রতি অভিযোগের আঙুল তুলে বলেন, ‘লোকমানকে যারা হত্যা করেছে, তাদের পক্ষ নিয়ে আপনারা আন্দোলন থামাতে পারবেন না। আপনারা পুলিশ দিয়ে শ্রমিক ভাইদের বাধা দিয়েছেন, যাতে তাঁরা প্রতিবাদ সভায় আসতে না পারেন।’ তিনি বলেন, কী স্বার্থে, কার স্বার্থে সব আসামিকে আইনের আওতায় না এনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, নরসিংদীর জনগণ প্রশাসনের কাছে তা জানতে চায়।লোকমানের স্ত্রী নুশরাত জাহান প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি আপনার বাবার হত্যাকারীদের বিচার করেছেন। আজ আমার অবুঝ দুটি সন্তানের বাবার বিচার কে করবে? আমি অনুরোধ করছি, আপনি তাদের বাবার হত্যার বিচার করে দিন।’এদিকে লোকমান হত্যা মামলার অভিযোগপত্রকে মিথ্যা, বানোয়াট ও প্রহসনের হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লোকমান সংগ্রাম পরিষদ। পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহামঞ্চদ আলী বলেন, অভিযোগপত্র বাতিলের দাবিতে সোমবার থেকে পৌর এলাকার সব বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হবে। ১৭ জুলাই বিকেল তিনটায় পৌরসভার স্বাধীনতা চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ২৫ জুলাই সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, মহিষাশুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন। গত বছরের ১ নভেম্বর দলীয় কার্যালয়ে লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের ভাই সালাহউদ্দিনসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন লোকমানের ছোট ভাই কামরুজ্জামান। গত ২৪ জুন মামলায় সালাহউদ্দিনসহ কয়েকজন আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।