কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের দুই সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় এক বছর পরও অভিযোগপত্র দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত বছরের ২৫ এপ্রিল উপজেলার ফকিরাবাদ গ্রামে মুজিবর রহমান ও তাঁর ভাই মিজানুর রহমানকে সন্ত্রাসীরা খুন করে।
জোড়া খুনের মামলায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে প্রধান আসামি মো. নয়ন এখনো ধরাছোঁয়ার বাইরে।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলা সিআইডির পরিদর্শক মহানন্দ সিং বলেন, ‘মামলার বেশ অগ্রগতি হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী তিন-চার মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’
এজাহার সূত্রে জানা যায়, মুজিবরের ছেলে আশরাফুজ্জামানের এক মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। ছাত্রীটিকে প্রতিবেশী গোলাপনগর গ্রামের আয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম উত্ত্যক্ত করত। কয়েক দফায় নিষেধ করার পরে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাত আটটার দিকে ফকিরাবাদ গ্রামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মুজিবর রহমান ও মিজানুর রহমানকে সন্ত্রাসীরা কোপায়। এতে ঘটনাস্থলেই মুজিবর রহমান মারা যান। একদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
এ ঘটনায় ২৬ এপ্রিল নিহত মুজিবরের ছেলে জাকারুল ইসলাম বাদী হয়ে উত্ত্যক্তকারী আরিফুলসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ আরিফুলসহ চারজনকে গ্রেপ্তার করে। আরিফুল গত বছরের ৯ মে আদালতে জবানবন্দি দেন। তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। ঘটনায় জড়িত আটজনের নাম বলেন। তার মধ্যে কয়েকজনের নাম এজাহারে রয়েছে। গত বছরের ১১ জুন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। আট মাস ধরে এ মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন সিআইডির পরিদর্শক মহানন্দ সিং।
তদন্ত কর্মকর্তা মহানন্দ সিং বলেন, ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জোড়া খুন হয়েছে—এর প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডে ১১ থেকে ১২ জন অংশ নেন। এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম ও লালিম নামে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। বর্তমানে কারাগারে ছয়জন আছে। প্রধান আসামিসহ আরও কয়েকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।’
মামলার বাদী জাকারুল ইসলাম অভিযোগ করেন, সিআইডিতে হস্তান্তরের পর দেড় মাস মামলার অগ্রগতি খুব ভালো ছিল। এরপর স্থবির হয়ে পড়ে। ১৬৪ ধারার জবানবন্দিতে আসা কয়েকজন স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। তাদের ধরার ব্যাপারে কোনো জোরালো পদক্ষেপ নেই।