অভিযোগপত্র ২৪ আগস্ট আদালতে উঠবে
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) পর্যালোচনার জন্য মহানগর হাকিম (এমএম-২) আদালতে রাখা হয়েছে। পর্যালোচনা শেষে আগামী ২৪ আগস্ট অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।
সিলেট মহানগর হাকিম আদালতে মহানগর পুলিশের জালালাবাদ থানার জিআরও (সাধারণ রেজিস্ট্রার) ফরিদ উদ্দিন বলেন, গতকাল রোববার সন্ধ্যায় দাখিলের পর আজ সোমবার দুপুরে অভিযোগপত্র আদালতে পর্যালোচনার জন্য রাখা হয়। পর্যালোচনা শেষে ২৪ আগস্ট অভিযোগপত্র আদালতে উপস্থাপন করার তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন অভিযোগপত্র গৃহীত হলে বিচার প্রক্রিয়া শুরু করতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।
গতকাল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করেছিলেন। প্রায় এক মাস তদন্ত করে ঘটনার এক মাস আট দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করা হয়।
ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলামকে অভিযোগপত্রে প্রধান আসামি করে ১৩ জনকে অভিযুক্ত করা হয়। কামরুলসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী লিপি বেগম ও তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুসকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ দুজনসহ মামলায় গ্রেপ্তার রয়েছেন ১২ জন। কামরুলসহ পলাতক রয়েছেন আসামি শামীম আহমদ ও পাবেল ওরফে রাজু মিয়া।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে।