নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রকে ‘বানোয়াট ও প্রহসন’ উল্লেখ করে গতকাল রোববার নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।পৌর মেয়র ও লোকমানের ছোট ভাই কামরুজ্জামানের নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে শহরের স্বাধীনতা চত্বর এলাকা ‘লোকমান হোসেন সংগ্রাম পরিষদ ও নরসিংদী পৌরবাসী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।সংগ্রাম পরিষদের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান হত্যা মামলায় আদালতে দাখিল করা অভিযোগপত্রে এজাহারভুক্ত প্রধান আসামি সালাহ উদ্দিন আহমেদসহ ১১ জনের নাম বাদ দেওয়ায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবার অভিযোগপত্র দাখিল করা না হলে আগামী তিন দিনের মধ্যে পরিষদের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে লোকমান হত্যা মামলার বাদী পৌর মেয়র কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘লোকমান ভাইকে হত্যার দুই দিন পর আমি মামলা করি। এজাহারে যাদের আসামি করা হয়েছে, হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। তাই আদালতে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তা বানোয়াট।’ কামরুজ্জামান বলেন, ‘কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে প্রশাসন এ ধরনের অভিযোগপত্র দাখিল করেছে। এর প্রতিবাদে আগামী দুই-তিন দিনের মধ্যে আলোচনায় বসে কঠোর কর্মসূচি নেব। লোকমান হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাব।’