নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি নাঈম হাসানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা সদর এলাকা থেকে গতকাল রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।নাঈম আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা। লাক মিয়া ও তাঁর লোকজন নাঈমকে ছাড়িয়ে নিতে পুলিশকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চাচা বলেন, ‘নাঈম আমার ভাতিজিকে বিয়ে করেছেন, তথ্য দিয়ে হাইকোর্টে প্রতারণা করে চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন। বিষয়টি আমরা জানতে পেরে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করি। আদালত তাঁর জামিন স্থগিত করে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নাঈম হাজির না হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, নাঈম ধর্ষণের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছে মেয়েটির পরিবার। তার চাচা বলেন, ‘আমাদের মানসমঞ্চান যা যাওয়ার গেছে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর অন্য কোনো মেয়ের জীবনে এমন ঘটবে না। আমরা নাঈমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’নাঈমের চাচা ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। ২০১২ সালের ৭ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাঈম ও তাঁর সহযোগীরা সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে।