জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মাহমুদুল হাসান মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জুবায়ের হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় মাহমুদুল হাসান মাসুদকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের নিম্নমান অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ উপাচার্যের অনুমোদনের দিন গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি অফিস আদেশটি বৃহস্পতিবার বিকেলে এসেছে। তবে আমি এটি হাতে পেয়েছি শনিবার।’
জুবায়ের হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় মাহমুদুলকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু ২০১৩ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে তাঁকে আবার ‘মাস্টাররোলে’ নিয়োগ দেওয়া হয়।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘পরিবারের অপেক্ষা শেষ হচ্ছে না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে প্রশাসনে চাকরি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং এর প্রতিবাদ জানান।
২০১২ সালের ৮ জানুয়ারি পরীক্ষার হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কর্মী জুবায়ের আহমেদকে মারধর করেন তাঁরই সংগঠনের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়। ওই বছরের ৮ এপ্রিল মাহমুদুলসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।