২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কে এম মহিউদ্দিন শুনানি শেষে গতকাল মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন বলে জানিয়েছেন মামলার বাদী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই বোমা হামলায় ২০ জন নিহত হন।
গত ২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানউদ্দিন চৌধুরী ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা পৃথক দুটি মামলার অভিযোগপত্র দাখিল করেন। গতকাল ওই দুটি অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
আসামিরা হলেন ক্রসফায়ারে নিহত যুবদলের নেতা মমিন উল্লাহর ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎ উল্লাহ, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, উত্তর চাষাঢ়া এলাকার মো. ওবায়দুল হক, বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাশেম, ভারতে পুলিশের হাতে আটক হরকাতুল জিহাদের নেতা দুই ভাই আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন।
সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের এএসপি এহসানউদ্দিন চৌধুরী জানান, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে শওকত হাশেম ও ওবায়দুল হক জামিনে রয়েছেন। শাহাদাৎ উল্লাহ ও মুফতি আবদুল হান্নান বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন ভারতের তিহার কারাগারে আটক রয়েছেন।