মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটে যুবকের ছুরিকাঘাতে নিহত হওয়া মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি মনোয়ার হোসেন ওরফে টাপ্পু আদালতে আত্মসমর্পণ করেছেন।গত বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশালের জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জিন্নাত আলী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সাঈদ গতকাল বলেন, জিন্নাত আলী হত্যা মামলায় দুজনকে অভিযুক্ত এবং একজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে অভিযুক্ত প্রধান আসামি রূপম দে আগেই গ্রেপ্তার হয়েছেন। তাঁর সহযোগী অন্য আসামি মনোয়ার হোসেন ওরফে টাপ্পু পলাতক ছিলেন। তিনি বুধবার আদালতে আত্মসমর্পণ করেন। তিনি নগরের ভাটিখানা এলাকার সাহাপাড়া সড়কের বাসিন্দা।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান জানান, মনোয়ার হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।গত ২৫ নভেম্বর রূপাতলী এলাকায় জিন্নাত আলীকে ছুরিকাঘাত করে বখাটে রূপম দে ও তাঁর সহযোগী মনোয়ার হোসেন টাপ্পু। ২৬ নভেম্বর তিনি মারা যান।