অভিযোগপত্রভুক্ত চার কর্মকর্তার পদোন্নতি!
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত চার কর্মকর্তার পদোন্নতি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সিন্ডিকেটের ৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগপত্রভুক্ত সাব-রেজিস্ট্রার শাহজাহান আলীকে অতিরিক্ত রেজিস্ট্রার, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজকে অতিরিক্ত পরিচালক, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনিকে সাব-রেজিস্ট্রার এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ চারজনই দুদকের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
এ বিষয়ে দুদকের সমন্বিত রংপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী বলেন, আইনের বিধান অনুযায়ী ওই কর্মকর্তাদের পদোন্নতি হতে পারে না।
দুদক রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আকবর আলী ওই চার কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার আজ সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দাখিলের পরপরই এসব কপি রেজিস্ট্রারের কাছে দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী এই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামির পদোন্নতি পাওয়ার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা আশা করেছিলাম, এই সিন্ডিকেটের সভায় শিক্ষকদের পদোন্নতির বিষয়টি উঠবে। কিন্তু তা না হয়ে দুর্নীতি মামলায় অভিযোগপত্রভুক্ত চার কর্মকর্তার পদোন্নতি হলো। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলব।’
সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক শাহ নেওয়াজ আলী প্রথম আলোকে বলেন, ‘তাঁরা যে দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি, সেটা আমি জানি না। সিন্ডিকেটের সভায় আমাকে জানানো হয়নি।’
উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মামলার অভিযোগপত্রের বিষয়টি আমার জানা ছিল না। পদোন্নতি বাছাই কমিটির সুপারিশে তাঁদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাবেক উপাচার্য আবদুল জলিলসহ ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার যোগসাজশে ওই চার কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ লঙ্ঘন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। সরকারি বাজেট বরাদ্দ না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য খাত থেকে এসব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদান করা হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয় তথা সরকারের আর্থিক ক্ষতিসাধন হয়েছে, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাব-রেজিস্ট্রার শাহজাহান আলী শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি ছাড়াই উপাচার্যের অবৈধ অনুমোদন নিয়ে জনবল নিয়োগ দিয়েছেন। উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ উপাচার্যকে প্ররোচিত ও প্রভাবিত করে প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা ছাড়াই তিনি এই পদে নিয়োগ পান। এ ছাড়া সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলমের এই পদে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উপাচার্যকে প্রভাবিত করে তিনি অবৈধভাবে চাকরি নেন। সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমের চাকরির ক্ষেত্রেও উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও উপাচার্যকে প্রভাবিত করে তিনি চাকরি নেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক আবদুল করিম দুর্নীতি দমন আইনে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই মামলা করেন।