দীর্ঘ তদন্ত শেষে খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকির ইমরান হোসেন হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন-অর-রশীদ চিকিৎসা কর্মকর্তাসহ ৪০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৫২ জন আসামির বিরুদ্ধে গত বুধবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওসার আলী ও মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের ছেলে সাগর শেখকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে।অভিযোগপত্রের বিবরণীতে জানা গেছে, গত ১৯ মার্চ সকাল আটটার দিকে তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান ফকিরের সমর্থনে নির্বাচনী মিছিল ও পথসভা ছিল। এ জন্য তেরখাদা ঈদগাহ ময়দানে তাঁর সমর্থকেরা সমবেত হন। এ সময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা সেখানে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদের লোকজনদের চলে যেতে বলেন। এ সময় ফকির ইমরানসহ অহিদের লোকজন এর প্রতিবাদ করলে শহিদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় শহিদুল ইসলাম তাঁর শটগান দিয়ে ছাত্রলীগ নেতা ইমরানকে গুলি করেন। এ ছাড়া অন্য আসামির ছোড়া গুলিতে অহিদের সমর্থক সাহেব আলী, মনির, সিদ্দিক, মাহবুবসহ পাঁচজন আহত হন। গুলিতে আহত ফকির ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইমরানের ভাই ও গুলিতে আহত সাহেব আলী বাদী হয়ে গত ২১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শহিদুল ইসলামকে প্রধান আসামি করে তেরখাদা থানায় ৫৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বর্তমানে ২২ জন আসামি জামিনে এবং ২৮ জন কারাগারে আছেন। বাকি দুজন পলাতক।এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার চৌধূরী তানভীর হায়দার বলেন, তেরখাদায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।