অভিযোগপত্রে প্রধান আসামির নাম না থাকায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহীন ও শামীম নামের দুই সহোদরকে হত্যা মামলার অভিযোগপত্রে প্রধান আসামিসহ এজাহারভুক্ত কয়েকজন আসামির নাম নেই। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল মঙ্গলবার সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জের পালবাড়ি এলাকায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
এলাকার কয়েকজন ও নিহত যুবকদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন ও শামীমের হত্যা মামলার অভিযোগপত্র সম্প্রতি আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা আবদুল হাই। অভিযোগপত্রে মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ, তাঁর ভাগনে শাকিল মিয়াসহ এজাহারভুক্ত কয়েকজনের নাম নেই। বিষয়টি বাদী শাকিল খানের মাধ্যমে এলাকাবাসী জানতে পারেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল পালবাড়ি এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেন। কিন্তু মানববন্ধন কর্মসূচির বদলে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকাল ১০টা থেকে ওই এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি আইনিভাবে মোকাবিলা করতে সহযোগিতার আশ্বাস দেন। এ পরিপ্রেক্ষিতে বেলা একটায় বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন।
অবরোধ চলাকালে নজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ, নিহত যুবকদের বাবা ছানু মিয়া, ভাই শাকিল প্রমুখ।