অভিযোগপত্রে ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার ঘুষ গ্রহণ মামলার অভিযোগপত্রে প্ররোচনাকারী হিসেবে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিলকে জড়িত করার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা অভিযোগপত্র থেকে ব্যবস্থাপনা পরিচালকের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার নগরের স্থানীয় এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক মো. নওশাদ চৌধুরী।সংবাদ সম্মেলনে নওশাদ চৌধুরী বলেন, মুদ্রা পাচারের যোগসূত্র আছে কি না, তা অনুসন্ধান করার সময় দুদকের উপপরিচালক এম এম শাব্বির হাসান ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। নওশাদ চৌধুরী বলেন, ‘একপর্যায়ে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় তাঁর অফিসে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নিয়ে আসার জন্য বলেন। এ বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গাওহার জামিল সিরাজ র‌্যাব-৭-এর ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষকে অবহিত করেন। র‌্যাবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি গোপন ক্যামেরা শরীরে লাগিয়ে ১০ লাখ টাকা নিয়ে দুদক কর্মকর্তার কার্যালয়ে যাই এবং টাকা প্রদান করি। টাকা নিয়ে বের হয়ে যাওয়ার সময় র‌্যাব শাব্বির হাসানকে আটক করে।’ এ বিষয়ে ডবলমুরিং থানায় একটি এজাহার করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নওশাদ চৌধুরী বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা আমাদের ব্যবস্থাপনা পরিচালককে “অপরাধ সংঘটনে প্ররোচনাকারী ও সহায়তাকারী হিসেবে” অভিযুক্ত করে গত ১৩ নভেম্বর চার্জশিট প্রদান করে। আমরা অভিযোগপত্রে ব্যবস্থাপনা পরিচালকের নাম অন্তর্ভুক্তির নিন্দা জানাই এবং তাঁকে অব্যাহতি দেওয়ার দাবি করছি।’