গত ৩১ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় দুই সচিবের নিহত হওয়ার ঘটনায় শুক্রবার আদালতে অভিযোগপত্র দিয়েছে হাইওয়ে পুলিশ। এতে বাসের চালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে সনদ ছাড়া সড়ক-মহাসড়কে গাড়িটি চালানো হলেও এর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুপারিশ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জ যাওয়ার পথে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলিতে জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম (৫২) এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫)। দুর্ঘটনার একদিন পর চালক আনোয়ার হোসেন মানিকগঞ্জের বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছিল বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামকে। তদন্ত শেষে ঘটনার ১৮ দিন পর হাইওয়ে পুলিশ শুক্রবার আদালতে অভিযোগপত্র দাখিল করে। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এসব কারণেই অভিযোগপত্রে চালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, গুরুতর জখম ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।একাধিক সূত্র বলেছে, বাসটির এক বছরেরও বেশি সময় ধরে সড়ক-মহাসড়কে চলাচলে উপযোগী কোনো সনদ ছিল না। এর পরও তা আইন প্রয়োগকারী সংস্থার গোচরে আসেনি। এ প্রসঙ্গে গোলড়া হাইওয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাসটির দুই মাস ধরে সড়ক-মহাসড়কে চলাচলে উপযোগী কোনো সনদ ছিল না, প্রচলিত আইনে এই অপরাধে অভিযোগপত্রে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুপরিশ করা যায় না। এ জন্য বড়জোর জরিমানা করা যেতে পারে।