অভিযোগপত্রে সভাপতির নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে যুবলীগের নেতা বিপুল হত্যা মামলায় সিআইডির অভিযোগপত্রে জেলা যুবলীগের সভাপতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছেন।
তবে এর আগে বিপুল হত্যা মামলা থেকে সাজ্জাদুল আনামসহ যুবলীগের দুই নেতা-কর্মীকে অব্যাহতি দেয় পুলিশ। যুবলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, মেহেরপুর প্রেসক্লাবে গতকাল ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেলা, শহর ও গাংনী উপজেলা যুবলীগের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাজ্জাদুল আনামের দাবি, প্রভাবশালী মহলের ইন্ধনে বাদী পুলিশের অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি দিয়ে সিআইডির তদন্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করিয়েছেন।
২০১৩ সালের ২৮ জানুয়ারি শহরের কাঁসারীপাড়ায় মামলার ৫ নম্বর আসামি সাইফুর রহমানের বাড়িতে অবস্থান করার সময় অস্ত্রধারীরা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওরফে বিপুলকে গুলি করে হত্যা করে। পরদিন বিপুলের স্ত্রী বিলকিস পারভীন যুবলীগের ছয় নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
বিলকিস পারভীন জানান, ওই বছরের ২৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম অভিযোগপত্র জমা দেন। এতে মামলার ১ নম্বর আসামি জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, ২ নম্বর আসামি জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মাহাফুজুর রহমান ও ৬ নম্বর আসামি যুবলীগের কর্মী মো. আরিফকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। পরে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। সিআইডি চলতি বছরের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।