অভিযোগপত্রে সাক্ষীর নাম, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের গৃহবধূ সামিরা (২২) হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদী। মামলার এজাহারে উল্লিখিত আসামিদের বাদ দিয়ে সাক্ষী ও নিহতের মামা আনারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি ফজলুল হক। অভিযোগপত্রটি ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালত ‘খ’ অঞ্চলে (শিবগঞ্জ) উপস্থাপন করা হয়। ২০ জানুয়ারি অভিযোগপত্রটির বিরুদ্ধে বাদী রবিউল ইসলাম (সামিরার বাবা) আদালতে নারাজি আবেদন জানিয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার প্রথম তদন্তভার দেওয়া হয় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেনকে। তিনি দুজন আসামিকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে থাকেন। কিন্তু হঠাত্ তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে ওসি নিজেই তদন্তভার গ্রহণ করেন। এর পরই তিনি বাদীকে আসামি পক্ষের সঙ্গে আপস-মীমাংসার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। আপস-মীমাংসায় সম্মত না হওয়ায় ওসি নিহত সামিরার মামা ও মামলার সাক্ষী আনারুলকে এ মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। ওসি ফজলুল হক বাদীকে হুমকি দেন যে আসামি পক্ষের সঙ্গে আপস না করলে আসামিদের অব্যাহতি দিয়ে আনারুলের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে। এ হুমকির প্রতিকার চেয়ে বাদী পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেন। বাদীর ওই অভিযোগের পরিপ্র্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) সিদ্দিকুর রহমান রোববার থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। বাদীর আইনজীবী শফিকুল ইসলামের অভিযোগ, অভিযোগপত্র দাখিলের আগে বাদীর মতামত নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ওসি ফজলুল হক এ নিয়ম লঙ্ঘন করে অভিযোগপত্র দাখিল করেছেন। পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, মামলার তদন্ত সঠিকভাবেই হয়েছে। এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে নিহতের মামা আনারুলকে অভিযুক্ত করে সাক্ষী নিহতের স্বামী লালচান, প্রতিবেশী বিপদ সিংহ ও হাজি নজরুল ইসলামের দেওয়া জবানবন্দি ওসি আদালতে উপস্থাপন করেছেন। কিন্তু সাক্ষী লালচান ও বিপদ সিংহ প্রথম আলোকে বলেছেন, তাঁদের সঙ্গে ওসির কোনো কথাই হয়নি। এ অভিযোগ অস্বীকার করে ওসি ফজলুল হক বলেন, তাঁরা (সাক্ষী) আনারুলকে অভিযুক্ত করে জবানবন্দি দিয়েছেন।গত বছরের ১০ জুলাই গভীর রাতে পুকুরিয়া গ্রামের সামিরা একটি আমবাগান থেকে আম পেড়ে পাহারদারদের হাতে ধরা পড়েন। পরে একই গ্রামের পাহারাদার রফিক, মজিবুর ও আশরাফুল সামিরাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যান। পরদিন সকালে বাগানের মধ্যে একটি পুকুরে সামিরার লাশ পাওয়া যায়। শিবগঞ্জ থানার পুলিশ প্রথমে বাগানের কয়েকজনকে গ্রেপ্তার করলেও তাঁদের আসামি না করে কেবল রফিক, মজিবুর ও আশরাফুলকে আসামি করে। ওসি ফজলুল হক তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার পরিপার্শ্বিকতাই প্রমাণ করে যে আনারুল তাঁর ভাগ্নিকে হত্যা করে অন্যদের ফাঁসানোর চেষ্টা করেন।