হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের নাম বাদ দিয়েই যশোরের সাংবাদিক জামাল উদ্দীন হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে গত ১৭ মে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে পাঁচজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলীর নামও বাদ দেওয়া হয়েছে। আর মামলার প্রধান আসামি বজলুর রহমান পলাতক থাকা অবস্থায় সম্প্রতি আত্মহত্যা করেছেন। এ ছাড়া ওই সময় শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান ও কনস্টেবল শহিদুল ইসলামের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের নাম অভিযোগপত্রে আসেনি।
গত ৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি খবর ছাপা হয়। এরপর মাসুদকে শার্শা থেকে বদলি করে মনিরামপুর থানায় ও পরে প্রত্যাহার (ক্লোজড) করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির দায়িত্ব পেয়েছেন। শহিদুল মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।
এদিকে মামলার এজাহারভুক্ত আসামি তোতা মিয়া, তাঁর স্ত্রী লতা বেগম ও ভাই রাজু মল্লিকের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে খুনের সঙ্গে জড়িত বলে শরীফুল ইসলাম, রেজাউল, আকবর, সালাম, বিষে ও মোহম্মদ আলীর নাম আসে। এ ছয়জনের নামও অভিযোগপত্রে নেই। জামাল হত্যা মামলা সম্পর্কে খোঁজখবর রাখেন এমন কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য শরিফুল ইসলামের কাছ থেকে এক লাখ, রেজাউলের কাছ থেকে ৮০ হাজার ও মোহম্মদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে তাঁরা জেনেছেন। এ ছাড়া পুলিশের ওই দুই সদস্য ও রমজান আলীর নাম বাদ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে তাঁদের নামই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। টাকা লেনদেনের অভিযোগ সত্য নয়। পুলিশের দুই সদস্যের নাম বাদ দেওয়ার ব্যাপারে আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশের ব্যাপারে বাদীর কোনো অভিযোগ নেই। আমিও কোনো সাক্ষ্যপ্রমাণ পাইনি।’
জামাল উদ্দীনের বাবা বাদী আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত খুব খারাপ জায়গা। ভবিষ্যতের কথা ভেবে পুলিশের সঙ্গে লাগতে যাইনি। যার জন্য সিআইডির কাছে পুলিশের বিষয়ে কোনো অভিযোগ দিইনি। রমজান আলীর নাম বাদ দেওয়ার ব্যাপারে আমি আইওর কাছে হ্যাঁ-ও বলিনি, না-ও বলিনি।’ অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে বাদী বলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে করেছি জামালের ছেলেমেয়ের জন্য।’ তদন্ত কর্মকর্তা জানান, এজাহারভুক্ত সাত আসামির মধ্যে তোতা মিয়া, তাঁর স্ত্রী লতা বেগম ও ভাই রাজু মল্লিক কারাগারে আছেন। বজলুর রহমান আত্মহত্যা করেছেন। অন্যদের মধ্যে জসীম উদ্দীন ও উকিল মল্লিক পলাতক।
জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধি ছিলেন। ২০১২ সালের ১৫ জুন রাতে তিনি খুন হন।
যশোর জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী কাজী আবদুস শহীদ জানান, হত্যা মামলা আপসযোগ্য নয়। বাদী ছাড়াও মামলার স্বাক্ষীরা আদালতে এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিতে পারেন।