অভিযোগপত্রে ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল হক
রিয়াজুল হক

যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। প্রকাশ্য হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়।
তবে মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফের নাম অভিযোগপত্রে বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিহতের পরিবার। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে তাঁরা নারাজি দেবেন বলে জানান।
গত বছরের ২৯ জুলাই যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে রাজধানীর গুলশানের একটি বিপণিবিতানের সামনে গুলি করে হত্যা করা হয়। হত্যার দৃশ্য ওই বিপণিবিতানের ক্লোজডসার্কিট ক্যামেরায় ধরা পড়ে। সেই দৃশ্য দেখে ওই দিন রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক এস এম জাহিদ সিদ্দিকী ওরফে তারেকসহ ছয়জনকে আটক করে র‌্যাব।
ওই সময় র‌্যাব জানিয়েছিল, সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যে রিয়াজুলকে গুলিবর্ষণকারী যে ব্যক্তিকে দেখা গেছে, তিনিই তারেক। ঘটনার সময় তাঁর আরেক সহযোগীর ব্যবহূত আগ্নেয়াস্ত্র থেকে অসতর্কতাবশত ছুটে আসা একটি গুলি তারেকের পিঠে লাগে। সে জন্যই তিনি উত্তরার ওই ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েছিলেন। র‌্যাব হেফাজতে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই দিন পর গত ৩১ জুলাই জাহিদ ‘ক্রসফায়ারে’ নিহত হন।
হত্যাকাণ্ডের পর রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান বাদী হয়ে আটক জাহিদ সিদ্দিকী, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় মামলা করেন।
প্রায় আট মাস ধরে তদন্তের পর গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজিমুর রশিদ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে তারেক নিহত হওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন করে র‌্যাব। পাশাপাশি আসামি জাহিদুল ও ওয়াহিদুলসহ এজাহারভুক্ত সাতজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
এজাহারে থাকা মাত্র তিনজনের নাম অভিযোগপত্রে রাখা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল, চঞ্চলের গাড়িচালক জাহাঙ্গীর মণ্ডল ও চঞ্চলের সহযোগী সোহেল মাহমুদ।
মামলার এজাহারে নেই এমন আটজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন নিহত রিয়াজুলের গাড়িচালক মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম ওরফে লোপা, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আরিফ, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম ও তাঁর গাড়িচালক চুন্নু মিয়া, শরীফ উদ্দিন চৌধুরী।
ফাহিমা ইসলাম স্বামীর সাহায্যে রিয়াজুলের অবস্থান জানাতেন। শহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিল যুবলীগের নেতা শাখাওয়াতের সহযোগী এবং শরীফ উদ্দিন তাঁর ভগ্নিপতি। শরীফ আসামিদের আশ্রয় দিয়েছেন। আমিনুল ইসলাম ক্রসফায়ারে নিহত তারেকের সহযোগী ও হত্যায় অংশ নেওয়া দ্বিতীয় ব্যক্তি। আরিফ হত্যায় ব্যবহূত মোটরসাইকেলের চালক ও আমিনুলের খালাতো ভাই। রফিকুল ইসলাম এই হত্যায় ব্যবহূত অস্ত্রের সংরক্ষক ও গাড়ি দিয়ে সহায়তাকারী। চুন্নু হত্যায় ব্যবহূত গাড়ির চালক।
এঁদের মধ্যে শাখাওয়াত, ইব্রাহিম, রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন চৌধুরী পলাতক। অভিযুক্ত ফাহিমা জামিনে আছেন। অভিযোগপত্রে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোক করার আবেদন করা হয়েছে।
এজাহারভুক্ত যে সাতজনকে হত্যার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁরা হলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফ, তুহিনুর রহমান ওরফে ফাহিম, সৈয়দ মোস্তফা ওরফে মুজতবা আলী, রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম ও সুজন হাওলাদার।
জানতে চাইলে গতকাল যুক্তরাষ্ট্রে অবস্থানরত রিয়াজুলের ভাই কায়ছার মিল্কী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলসহ বিভিন্ন কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা জাহিদুল ও যুবলীগের নেতা ওয়াহিদুলসহ বেশ কয়েকজন জড়িত ছিল। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেব।’
রিয়াজুলের ভাই আরও বলেন, ‘আমি মনে করি, যারা এ হত্যার প্রকৃত আসামিদের বাঁচাতে চায়, তারা এ হত্যায় জড়িত। অথবা এখানে প্রচুর টাকা লেনদেন হয়েছে। আশা করি, ভবিষ্যতে এ মামলার পুনঃ তদন্তে প্রকৃত তথ্য বের হয়ে আসবে।’
মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব-১-এর অধিনায়ক ও প্রধান তদন্ত কর্মকর্তা কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণ না পাওয়া যাওয়ায় জাহিদুল ও ওয়াহিদুলসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এখন কেউ যদি নারাজি দিতে চায়, দেবে। এটা তাদের ব্যাপার। এতে কোনো সমস্যা নেই।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘এক আসামির পক্ষে ২২ নেতা ও এক সাংসদ’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়। মতিঝিলের আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে নিরপেক্ষ তদন্তের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন ২২ দলীয় নেতা ও এক সাংসদ।
এ মামলার আসামি চুন্নু, মাহবুবুল, আমিনুল, সোহেল, জাহাঙ্গীর ও ফাহিমা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যা ও হত্যার পরিকল্পনার কথা প্রকাশ করেন। এ ছাড়া নিহত রিয়াজুলের গাড়িচালক মারুফ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।
অভিযোগপত্রে বলা হয়, রিয়াজুল ও তারেক একই এলাকায় রাজনীতি করতেন। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার, সাংগঠনিক পদ ও জমি দখলসহ বিভিন্ন উৎস থেকে আসা অর্থের ভাগবণ্টন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আসামি তারেকসহ অন্য আসামিরা রিয়াজুলকে হত্যার পরিকল্পনা করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, হত্যাকাণ্ডের সময় শপিং মলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ, পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ এবং গ্রেপ্তার করা ছয় আসামির জবানবন্দির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ১০৯ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়। তবে অভিযোগপত্রে বলা হয়, অপরাধীকে আশ্রয় দেওয়ায় দণ্ডবিধির ২১২ ধারায় আসামি শরীফ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।