সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশিদ হত্যা মামলার অভিযোগপত্রের (চার্জশিট) ওপর নারাজি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ-সংক্রান্ত শুনানির ধার্য তারিখে বাদীপক্ষের আইনজীবী নারাজি দরখাস্ত দাখিল করেন। নারাজির শুনানির জন্য আদালত নতুন তারিখ ধার্য করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুন-অর-রশিদ ২০১০ সালের ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে খুন হন। এ ঘটনায় নিহতের শ্যালক আল আজিম সরকার বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ তদন্ত শেষে ৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার মূল আসামি আবদুল লতিফ ওরফে কাওসার, তাঁর তিন বন্ধুসহ মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীকে অভিযুক্ত করা হয়। কিন্তু নিহত শিক্ষকের পরিবার অভিযোগপত্রের বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করেন। বাদীপক্ষের আইনজীবী সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম জানান, অভিযোগপত্রে যেসব বিষয়ে নিহতের পরিবারের আপত্তি রয়েছে, সেগুলো নারাজি দরখাস্তে উল্লেখ করা হলে আদালত শুনানির জন্য আগামী ২৬ জুন তারিখ ধার্য করেন।