অভিযোগপত্রের ওপর নারাজি আবেদনের শুনানি হয়নি
চট্টগ্রামের বিএনপির নেতা, ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগপত্রের ওপর নারাজি আবেদনের শুনানি গতকাল বুধবারও হয়নি।আদালত সূত্র জানায়, গতকাল এই মামলার অন্যতম আসামি সোবহান ড্রাইভারের আইনজীবী আদালতে জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তাঁর মক্কেলের করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি আগামী ২৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। গত ১১ মার্চ একই কারণে নারাজি আবেদনের ওপর শুনানি হয়নি।আদালত সূত্র জানায়, এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম না থাকায় জামালউদ্দিনের বড় ছেলে ও মামলার বাদী চৌধুরী ফরমান রেজা আদালতে নারাজি আবেদন করেন। এই মামলার অন্যতম আসামি কালা মাহবুব ২০০৫ সালের ৮ আগস্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন, তাঁদের মধ্যে মারুফ নিজামের নামও ছিল।২০০৪ সালের ১ নভেম্বর কালা মাহবুব গ্রেপ্তার হন। তাঁর দেখিয়ে দেওয়া জায়গা ফটিকছড়ির ফকিরটিলার পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব। কালা মাহবুব গত বছর যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান।সূত্র জানায়, কালা মাহবুবকে এই মামলায় রাজসাক্ষী করার ব্যাপারে আপত্তি জানিয়ে সোবহান ড্রাইভার হাইকোর্টে রিট করেছিলেন।