অভিযোগপত্রের ওপর শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে করা দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। সরকারি কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল কুদ্দুছ মিয়া আগামী ৩ জুলাই শুনানির তারিখ ধার্য করেন। অভিযোগ গঠনের ওপর এ নিয়ে চার দফা শুনানি পেছাল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের দুটি এলাকায় গাড়িতে আগুন এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে করা দুটি মামলায় সাকা চৌধুরীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত সূত্র জানায়, মামলা দুটি থেকে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ আরও কয়েকজন আসামিকে বাদ দেওয়ায় সরকারি কৌঁসুলি (পিপি) আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড থানার পুলিশকে নির্দেশ দেন। গতকাল পর্যন্ত আদালতে প্রতিবেদন দাখিল না হওয়ায় সরকারি কৌঁসুলি সময়ের আবেদন জানান। প্রসঙ্গত, একটি গুজবের ভিত্তিতে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পাক্কা রাস্তার মাথা ও বাঁশবাড়িয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবরোধ করে গাড়ি ভাঙচুর চালান। এ সময় কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দুটি মামলা করা হয়। সাকা চৌধুরীর নির্দেশে দলীয় নেতা-কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।