অভিযোগপত্রের ওপর শুনানি ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য মহানগর হাকিম (এমএম-২) আদালতে রাখা হয়েছে। পর্যালোচনা শেষে শুনানির জন্য ২৪ আগস্ট এটি আদালতে উপস্থাপন করা হবে।
মহানগর হাকিম আদালতে পুলিশের জালালাবাদ থানার সাধারণ রেজিস্ট্রার (জিআরও) ফরিদ উদ্দিন জানান, অভিযোগপত্র উপস্থাপন করার পর শুনানিতে সেটি গৃহীত হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মামলায় পলাতক রয়েছেন তিনজন আসামি।
গত রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। হত্যাকাণ্ডের এক মাস আট দিনের মাথায় অভিযোগপত্রটি দাখিল করা হয়।
হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে সৌদি আরব ধরা পড়া কামরুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনকে অভিযুক্ত করা হয় এ অভিযোগপত্রে। কামরুলকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া অভিযোগের প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী লিপি বেগম ও তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুসকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ দুজনসহ মামলায় গ্রেপ্তার রয়েছেন ১২ জন।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউলকে। তাকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করেছিলেন নির্যাতনকারীরা। নির্যাতনের একপর্যায়ে সামিউল মারা গেল লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। পরে হত্যার এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার চার দিন পর ভিডিওচিত্র নিয়ে প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। দেশে-বিদেশে ক্ষোভ ছড়িয়ে পড়লে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল হত্যায় অভিযুক্তদের। আর পালিয়ে সৌদিতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।
আসামি কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনায় গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই জালালাবাদ থানার তৎকালীন ওসি-তদন্ত (পরিদর্শক) আলমগীর হোসেন, উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশোধনী: গতকাল সোমবার সামিউলকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মামলায় অভিযুক্ত ১৩ আসামির নামের মধ্যে ভুলবশত শামীম আহমদ নামটি দুবার ছাপা হয়েছে। এর একটি স্থানে ফিরোজ আলী হবে।