অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি ২৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দেওয়া দুটি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির জন্য ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর আগে ৫ মে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) আরেকটি অভিযোগপত্র দেয়। আদালত গতকাল ওই দুটি অভিযোগপত্র পর্যালোচনা সাপেক্ষে ২৮ জুন পরবর্তী দিন ধার্য করেন। এ মামলায় খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
গতকাল অভিযোগপত্রভুক্ত এক আসামি বাদল সরদার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন খালেদা জিয়া, খন্দকার মাহবুব হোসেন, এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, বরকত উল্লা বুলু, আমানউল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, শিমুল বিশ্বাস, মীর আবু জাফর শামসুদ্দিন, মারুফ কামাল, মীর শরাফত আলী, হাবিব-উন নবী খান, আজিজুল বারী, কাইয়ুম, লতিফ, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, নবীউল্লাহ নবী, আতিকুল্লাহ, আলমগীর, মোহাম্মদ জাহাঙ্গীর, জামালউদ্দিন, জাকির, সোহেল খান, সুলতান সালাউদ্দিন, মীর নেওয়াজ আলী প্রমুখ।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে অবরোধ-হরতাল চলাকালে গত ২৪ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ২৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে নুরুল আলম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এই হামলার ঘটনায় ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার করা সোহাগ ও লিটন ওরফে সাব্বির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।