অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি ৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে চাঁদা না দেওয়ায় নির্যাতনের ফলে সাভারের ব্যবসায়ী শামীম হত্যা মামলায় পাঁচ পুলিশকে অভিযুক্ত করে আদালতে দাখিল অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করা হয়েছে ৫ সেপ্টেম্বর। গতকাল সোমবার বিচারিক হাকিম তৈয়বুল হাসান অভিযোগপত্র নথিতে সংযুক্ত করে শুনানির দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গত ২৯ আগস্ট ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত পুলিশ সদস্যরা হলেন আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক, সাভার থানার সহকারী উপপরিদর্শক আকিদুল ইসলাম ও কনস্টেবল রমজান আলী, ইউসুফ আলী ও মোফাজ্জল। অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামিই কারাগারে আটক রয়েছেন।
গত ৫ জুন রাত ১০টায় হেমায়েতপুর বাজার থেকে পুলিশ জমি ব্যবসায়ী শামীম সরকার ও তাঁর ভাগনে সাইফুলকে আটক করে হেমায়েতপুরের বিশিপাড়া এলাকার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ছেড়ে দেওয়ার জন্য তাঁদের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্যানারি পুলিশ ফাঁড়িতে শামীমকে রাতভর নির্যাতন করা হয়। পরদিন ভোরে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে শামীম সরকারের লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় গত ৬ জুন সাভার মডেল থানায় নিহতের ভাই আমিনুল ইসলাম অভিযুক্ত পাঁচ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন।