অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা এবং নারাজি দরখাস্তের বিষয়ে শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ দিন ধার্য করেন।নালিশি মামলার বাদী ও আইনজীবী মাহবুবুল আলম গতকাল আদালতে দরখাস্ত দিয়ে বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশের করা মামলা এবং আইনজীবীদের মারধরের অভিযোগে তাঁর করা নালিশি মামলার তদন্ত একত্রে করতে আদালত নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা নালিশি মামলার বিষয়ে তদন্ত না করেই অভিযোগপত্র দেন। তাই তিনি নারাজি আবেদন করতে সময় চান।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার বলেন, বিশ্বজিৎ হত্যা মামলা একটি স্পর্শকাতর মামলা। পুলিশ সঠিক তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে। মাহবুবুল আলম বলেন, তিনি নালিশি মামলায় যেসব ঘটনাস্থলের উল্লেখ করেছেন, তদন্ত কর্মকর্তা সেগুলো পরিদর্শন করেননি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তদন্তের ফলাফলও জানানো হয়নি। এ ছাড়া নালিশি মামলায় পুলিশ ও চিকিৎসকের কর্তব্যকাজে অবহেলার অভিযোগও আনা হয়েছিল। কিন্তু তাঁদের অভিযোগ থেকে কেন বাদ দেওয়া হয়েছে, অভিযোগপত্রে তা বলা হয়নি।রাষ্ট্রপক্ষের অপর দুই আইনজীবী তাপস কুমার দত্ত ও শিহাব উদ্দিন এর বিরোধিতা করে বলেন, আদালতের নির্দেশে এ দুটি মামলা একত্রে তদন্ত করে পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। নালিশি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার বিচারকাজ বিলম্বিত করতে নারাজি আবেদন করা হচ্ছে।আদালত বলেন, মামলার ফরিয়াদিপক্ষ নারাজি দিতে সময়ের আবেদন করেছে। তাই দরখাস্তের বিষয়ে শুনানি হওয়া প্রয়োজন। পরে আদালত দিন ধার্য করেন।গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দরজি দোকানি বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় করা মামলায় পুলিশ ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাঁরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আদালত চত্বর থেকে সন্দেহভাজন হিসেবে আটক চারজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ১৪ জন পলাতক।